আত্মপ্রকাশ করলো “স্টার্টআপ রংপুর”

২৭ মার্চ, ২০২১ ১৫:২৯  
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আওতায় রংপুরে বিভাগীয় পর্যায়ে ৪ দিনব্যাপী ইনকিউবেশন প্রোগ্রামের মধ্য দিয়ে যাত্রা শুরু করল “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ (iDEA) প্রকল্পের” স্টার্টআপ রংপুর । রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (আরসিসিআই) ভবনের আরসিসিআই অডিটরিয়ামে শুরু হওয়া এই আয়োজন চলবে আগামী ৩০ মার্চ পর্যন্ত। এতে প্রথম দফায় বিনামূল্যে মেন্টরিং প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ পেলেন রংপুর বিভাগের নির্বাচিত ৩০টি স্টার্টআপের ৬০ জন তরুণ উদ্যোক্তা। শনিবার (২৭ মার্চ) এই আয়োজনের উদ্বোধন করেন রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু। রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছা: শাহনাজ বেগমের সভাপতিত্বে রংপুর বিভাগীয় স্থানীয় সরকারের পরিচালক (যুগ্মসচিব) মোঃ ইব্রাহিম খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও অনলাইনে যুক্ত ছিলেন আইডিয়া প্রকল্পের প্রাক্তন পরিচালক ও অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক। এতে স্বাগত বক্তব্য রাখন আইডিয়া প্রকল্পের জেষ্ঠ্য পরামর্শক আর. এইচ. এম. আলাওল কবির। উদ্বোধনী অনুষ্ঠানের পর মেন্টরিং প্রোগ্রামের ১ম দিন উদ্যোক্তাদের জন্য থাকছে ডিজাইন চ্যালেঞ্জ, পিচ ডেক, স্টার্টআপ সম্পর্কিত বিভিন্ন সমস্যাসমূহ সমাধানের উপায়সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়। স্টার্টআপ ইনকিউবেশন প্রোগ্রামের ২য় দিন উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যার সমাধানসহ স্টার্টআপদের মার্কেট সাইজ এন্ড সেগমেন্ট, রেভিনিউ প্রজেকশন, রেভিনিউ মডেল, ইম্প্লেমেন্টেশন প্ল্যান, মিশন অন্ড ভিশন, টিম ফরমেশন, কম্পিটিশন ইত্যাদি বিষয়গুলো নিয়ে মেন্টরিং প্রদান করা হবে। আয়োজনের ৩য় দিন থাকছে পিচ প্র্যাকটিস, পিচ রেফাইনমেন্ট, ডেমো-ডে-স্টাইল অফ পিচিং এবং ৪র্থ দিন সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪দিনব্যাপি এই আয়োজনের সমাপ্তি হবে। ইনকিউবেশনটি আয়োজনের সহযোগিতায় কাজ করছেন “রংপুর স্টার্টআপ” এবং রংপুর জেলা প্রশাসন। ইনকিউবেশন প্রোগ্রামটির ট্রেইনিং পার্টনার হিসেবে রয়েছে “বেটার স্টোরিজ” এবং এই আয়োজনের ব্যবস্থাপনায় কাজ করছে ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেইনিং ইন্টারন্যাশনাল লিমিটেড (এমটিআই লি.)। করোনা পরিস্থিতে যথাযথ সামাজিক দুরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে স্টার্টআপ ইনকিউবেশন প্রোগ্রামটির আয়োজন সম্পন্ন করার লক্ষ্যে যথেষ্ট ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নিরলসভাবে কাজ করছে ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেইনিং ইন্টারন্যাশনাল লিমিটেড (এমটিআই লি.) এর টিম এবং “রংপুর স্টার্টআপ”।